
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষা এবং শিক্ষা ও গবেষণার সার্বিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগের দিন সোমবার (৫ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও অনুরূপ বৈঠক করেন ঢাবি উপাচার্য।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জামায়াত আমিরকে অবহিত করেন।
এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার বাইরে রেখে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণার উন্নয়ন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং অবকাঠামোগত অগ্রগতিসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।
জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষায় সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক মতবিনিময় উদ্যোগ ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।








