
স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসজুড়ে দেশের সরকারি–বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি তিনি রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরণ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি প্রতিষ্ঠিত প্রথা। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছু করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে বাংলাদেশের প্রচলিত রীতি ও প্রথাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।
এছাড়া নোটিশে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্টের মুখে পড়তে পারে, যা তাদের ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। রমজান মাসে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় বলেও উল্লেখ করা হয়।
আইনি নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।





